Published : 15 Jul 2026, 09:04 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি কেন্দ্রে গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
কেন্দ্রসচিব ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আসাদ বলেন, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ৪২ জন। একজন চলতি বছরের প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছেন।
আর বহু নির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবে সরবরাহ করা হয়েছিল বলেও জানান অধ্যক্ষ।
তিনি বলেন, পরীক্ষা শেষে বিষয়টি তার নজরে আসে। পরে সংশ্লিষ্ট কক্ষের উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।
আবুল কালাম আসাদ বলেন, “প্রশ্নপত্র গ্রহণের পর কমিটি যাচাই-বাছাই করে কক্ষভিত্তিক পরিদর্শকদের কাছে হস্তান্তর করে। এরপরও অনাকাঙ্ক্ষিতভাবে এই ভুল হয়েছে। সংশ্লিষ্ট দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রসচিব বলেন, “পরীক্ষার্থীদের উত্তরপত্র ডাকঘরে পাঠানোর পর বিষয়টি জানতে পেরে সেগুলো আবার ফিরিয়ে এনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি জানতে পেরেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। পরীক্ষায় অংশ নেওয়া ওই ৪২ শিক্ষার্থীর কোনো সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে।”