১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাউয়াছড়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৫ ঘণ্টা পর সিলেটের পথে রেল স্বাভাবিক

“বগিটি উদ্ধারের পর রাত পৌনে ৯টার দিকে লাইন ক্লিয়ার হয়েছে।”

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনাঞ্চলের ভেতরে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, “শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারের পর রাত পৌনে ৯টার দিকে লাইন ক্লিয়ার হয়েছে।” 

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে আটকা পড়েছিল। সেটি গন্তব্যের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, “কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান এসে লাইনচ্যুত ট্যাংকার উদ্ধার করেছে। সিলেটের পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।”