গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত
রেলক্রসিং অতিক্রম করতে থাকা একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
গাজীপুর মহানগরীর একটি রেল ক্রসিংয়ে ডাম্প ট্রাককে ধাক্কা দিয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
বুধবার সকালে স্টেশন মাস্টার মাহমুদুল বলেন, “ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর আক্কাস মার্কেট এলাকায় পৌছায়।
“এ সময় রেলক্রসিং অতিক্রম করতে থাকা একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।”
ট্রাকটিতে মাটি বহন করা হতো জানিয়ে স্টেশন মাস্টার হাসান বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
