বরিশালে ঝড়ে ঘরে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলে হাসপাতালে
দুপুরে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় একটি চাম্বল গাছ উপরে ঘরের উপর পড়ে।
বরিশালের বানারীপাড়া উপজেলায় ঝড়ে গাছ পড়ে এক গৃহবধূর প্রাণ গেছে; একে আহত হয়েছে তার সাত বছর বয়সী এক ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান।
নিহত ইয়াসমিন আক্তার (৩৫) ওই গ্রামের বাসিন্দা রং মিস্ত্রি সোহেল হাওলাদারের স্ত্রী। আহত জিসান হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খিজির সরদার বলেন, দুপুরে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় একটি বিশাল চাম্বল গাছ উপরে ঘরের উপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ইয়াসমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় শিশু জিসান।
ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার সময় ঘরে মেয়ে ও ছেলেকে নিয়ে ছিলেন ইয়াসমিন। ঝড়ে গাছ পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন ইয়াসমিন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
