Published : 03 Apr 2026, 07:19 PM
লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাদের বিরুদ্ধে।
শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাতীবান্ধা থানার ওসি মো. রমজান আলী জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তার চাচা মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি রমজান বলেন, “ফকিরপাড়া এলাকায় আকতারুজ্জামানের নানির বসতভিটার জমি নিয়ে তার সঙ্গে চাচাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে ওই জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ চাচারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আকতারুজ্জামানের ওপর হামলা চালায়।
“গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকতারুজ্জামানের মৃত্যু হয়।”

নিহতের নানি ছবিতন নেছা অভিযোগ করেন, “শাহিনুর ও নুরুজ্জামানরা দীর্ঘদিন ধরে আমাদের বাড়ি ভাঙার হুমকি দিচ্ছিল। ঘরবাড়ি রক্ষা করতে গেলে তারা আমার নাতিকে পিটিয়ে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ওসি রমজান আলী বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মতিন নামে একজনকে আটক করা হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।