পুলিশ সুপারকে বৃদ্ধ দম্পতির ফোন, নির্যাতনকারী ছেলের কারাদণ্ড
সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক বৃদ্ধ দম্পতি পুলিশ সুপারকে ফোন করেন।
পরে পুলিশের অভিযানে ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আকরামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই তার ৮০ বছর বয়সী বাবা সিরাজুল ইসলাম ও মা লুৎফুন্নাহারকে মারধর করতেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুরসহ বিভিন্নভাবে নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ দম্পতি প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেন। পরে তারা বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে জানান।
এরপর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “মাদক সেবন ও বাবা-মাকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে।”
