১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ধান-চালের মত আলুরও সরকার নির্ধারিত দাম চায় কৃষক

“এক কেজি আলু উৎপাদনসহ হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে, কিন্তু পাইকারি ১১-১২ টাকার বেশি বিক্রি হচ্ছে না।”

ধান-চালের মত আলুরও সরকার নির্ধারিত দাম চায় কৃষক
আলুর ন্যায্যমূল্যের দাবিতে নওগাঁয় কৃষকদের মানববন্ধন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ধান-চালের মত আলুরও সরকার নির্ধারিত মূল্যের দাবি জানিয়েছেন নওগাঁর চাষিরা। 

বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন থেকে চাষিরা এই দাবি জানান। 

এ সময় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, “এখন সারের দাম অনেক বেশি। সেই হিসাবে শুরু থেকেই এ বছর আলুর দাম নাই। খরচের টাকা উঠছে না। ধান-চালের সরকারি মূল্য নির্ধারণ করতে পারলে আলুর কেন হবে না? সরকারের কাছে দাবি জানাই, দ্রুত আলুর মূল্য যেন নির্ধারণ করে দেয়।” 

সদর উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক আয়নুল হক বলেন, “বাজারে ধানের দাম বেশি, চালের দামও বেশি। কিন্তু আলুর কোনো দাম নাই। হিমাগারেও খরচ বেশি নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা করে খরচ হয়েছে। বাজারে এখন আলু বিক্রিই করতে হচ্ছে ৪৫০-৬০০ টাকা মণ। তাহলে আমরা যাব কোথায়? সরকার যদি আমাদের জন্য কোনো উদ্যোগ না নেয় তাহলে আমরা শেষ হয়ে যাব।” 

শহরের বরুণকান্দি এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, “গরু বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের থেকে চার টাকা করে বেশি দিতে হচ্ছে। 

“এক কেজি আলু উৎপাদনসহ হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। বাজারে পাইকারি দরে ১১-১২ টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, খরচের টাকা উঠানো নিয়েই এখন চিন্তার মধ্যে আছি।”

এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় মানুষ আলু কম কিনে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”