১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে হাতবোমা ফাটিয়ে আসামি ছিনতাই

এ সময় আসামির ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মাদারীপুরে হাতবোমা ফাটিয়ে আসামি ছিনতাই
মাদারীপুর সদর মডেল থানা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 09:48 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

মাদারীপুর সদরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ সময় আসামির ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানান মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু নাঈম।

পালিয়ে যাওয়া পারভেজ ব্যাপারী ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের। 

ওসি আবু নাঈম বলেন, পারভেজ একজন মাদক ব্যবসায়ী। সন্ধ্যার পর ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় পারভেজের সহযোগীরা হাতবোমা বিস্ফোরণ ঘটালে তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা পাওয়া যায়। তবে কোনো পু‌লিশ সদস‌্য আহত হননি।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, পারভেজকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর তার লোকজন একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। পারভেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।