Published : 26 Jan 2026, 04:13 PM
সিলেট-চট্টগ্রামের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার নির্বাচনী প্রচারাভিযানে আসছেন ময়মনসিংহে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, মঙ্গলবার বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠ এবং ঢাকার আজমপুর ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, “সড়কপথে মঙ্গলবার বেলা ২টায় তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।”
সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “এর আগে ২০০৩ সালে তারেক রহমান এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউস মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।”
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ,নরসিংদী মিলে সাতটি জনসভায় বক্তব্য দেন।
এরপর রোববার তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভা করেন। পরে ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠ, সোয়াগাজীর ডিগবাজী মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের বালু মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন।