Published : 24 Apr 2026, 02:41 PM
‘মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’-স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারদিনের নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার।
আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে ‘নাট্য উৎসব ২০২৬’। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিন মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘অশ্বথামা’ পরিবেশিত হবে।
তৃতীয় দিন ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ‘মধ্যরাতের কবিতা ও গান’। শেষ দিন ১ মে জহির রায়হান মিলনায়তনের ৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।
এবারের আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও কালের কণ্ঠ।
জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক প্রিয়া সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের উৎসবে জাহাঙ্গীরনগর থিয়েটার পদক (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। আর শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন অরুণ কুমার বসাক।

এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মহসিনা আক্তার ‘আলোক কুমার রায় পদক’ পাচ্ছেন বলে জানান তিনি।
প্রিয়া সাহা বলেন, “আমরা ‘নাট্য উৎসব ২০২৬’ আয়োজন করছি ‘মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’-এই স্লোগানকে ধারণ করে। আমাদের পর্যবেক্ষণ বলছে, মানুষ দিন দিন বেশি হতাশ বিষাদগ্রস্ত হয়ে উঠছে এবং নিজের জীবনে আনন্দ খুঁজে পাচ্ছে না।
“আমরা যেন সবসময় আরও কিছু পাওয়ার প্রত্যাশায় থাকি, আর জীবনে জটিলতা বাড়তেই থাকে। সহজভাবে, সরলভাবে কিছু ভাবার প্রবণতা কমে যাচ্ছে।”
তিনি বলেন, “একটি শিশু স্বভাবতই নিষ্পাপ এবং তার জীবনে জটিলতা থাকে না। সে সহজভাবে আনন্দ নিয়ে জীবন কাটায়। আমরা চাই মানুষ জীবনকে সহজ, সরল ও প্রাণবন্তভাবে দেখুক।
“জীবনকে জটিল না করে সহজভাবে বাঁচার আহ্বান থেকেই এবারের স্লোগান- মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে।”