Published : 27 Aug 2022, 11:21 AM
ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট পাওয়া সংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দীর্ঘদিন ধরে পাসপোর্ট সংশোধন জঠিলতায় আছেন এমন প্রবাসীদের সমস্যা সমাধানে শুক্রবার প্যারিসে দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা দেন তিনি।
দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাসেমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার প্রেক্ষিত নিয়ে আলোচনা করা হয়।
তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি প্রবাসীরা রাষ্ট্রদূতকে জানান এবং পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন। রাষ্ট্রদূত তালহা ভুক্তভোগীদের কথা শোনেন এবং পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় দূতাবাসের 'আইনি সীমাবদ্ধতার' কথা স্বীকার করেন।
সভায় দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!