১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতালিতে প্রবেশের একদিন পরই বাংলাদেশির মৃত্যু

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ইতালি যান ফেনীর এ যুবক।

ইতালিতে প্রবেশের একদিন পরই বাংলাদেশির মৃত্যু
সোহাগ দেওয়ান (৩২)

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ইতালিতে বৈধ ভিসায় প্রবেশের একদিন পরই মৃত্যু হয়েছে এক বাংলাদেশির।

সোহাগ দেওয়ান (৩২) নামে এ যুবকের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়।

স্থানীয় সময় সোমবার ভোরে রাজধানী রোমের একটি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

রোমের জরুরি চিকিৎসা সেবা ও স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দীর্ঘ বিমানের যাত্রা ও অতিরিক্ত ঠান্ডায় ‘গলার সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত জটিলতায়’ তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইতালিতে আসার জন্য আবেদন করেন সোহাগ। তারপর দোসরা জুলাই দেশটিতে প্রবেশের ছাড়পত্র (নুল্লাওস্তা) পান তিনি। 

পরবর্তীতে ১৭ জুলাই ঢাকায় ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করলে ১০ দিনের মাথায় ২৮ জুলাই ভিসা পেয়ে যান।

গত ১৬ অগাস্ট ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সোহাগ। পরদিন বিকেলে রোমে পৌঁছান। কিন্তু এর কয়েক ঘণ্টা পর, সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, “আমরা স্থানীয় কমিউনিটির সঙ্গে সমন্বয় করে নিহতের লাশ দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।”