Published : 06 Jul 2026, 01:54 PM
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার নিউ ইয়র্কের ইস্ট রিভার ও হাডসন নদীতে ভাসমান একটি বিনোদন জাহাজে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয় ‘অল কাউন্টি সোস্যাল এডাল্ট ডে কেয়ার’।
কুইন্সের করোনায় অবস্থিত ‘ওয়ার্ল্ডফেয়ার ম্যারিনা’ পার্টি হল সংলগ্ন ঘাট থেকে জাহাজটি ছাড়ার সময় আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ কাদের সবাইকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের কমিউনিটি লিয়াজোঁ নীল ত্রিবেদি ও ‘অল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’-এর চেয়ারম্যান সিফা আমিন।
মোহাম্মদ কাদের বলেন, “যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য যুদ্ধ করা কেউ এখন আর বেঁচে নেই, তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসমসাহসী ভূমিকা পালনকারী নিউ ইয়র্ক প্রবাসী বীর সন্তানদের সম্মান জানানোর মধ্য দিয়ে আমরা স্বাধীনতার গৌরবগাথা রোমন্থন করার চেষ্টা করছি।”
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায়, লাবলু আনসার, মাসুদুল হাসান, আবুল বাশার চুন্নু, আব্দুস সাদেক, শহিদুল ইসলাম, শওকত আকবর রীচি, মো. নাজিমউদ্দিন, মোহাম্মদ জালালউদ্দিন সরকার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মো. জাহিদ হোসেন ও মোহাম্মদ এ কাদির।
অনুষ্ঠানে ২৫০ জন জ্যেষ্ঠ নাগরিককেও সম্মাননা দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গান শোনান শিল্পী রিজিয়া পারভিন, নাজু আকন্দ ও কামরুজ্জামান বকুল।