১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেদ্দায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল কনস্যুলেট

জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য কৃতী শিক্ষার্থীদের হাতে পদক ও সম্মাননা সনদ তুলে দেন কনসাল জেনারেল।

বিডিনিউজ২৪

রফিক চৌধুরী, জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 10:09 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

শনিবার কনস্যুলেট অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। শ্রম কাউন্সেলর আরিফুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় ৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৯ জন, গড় পাসের হার ৯১ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৩৬ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য কৃতী শিক্ষার্থীদের হাতে পদক ও সম্মাননা সনদ তুলে দেন কনসাল জেনারেল।

ভবিষ্যৎ সফলতা কামনা করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নির্মাণে নেতৃত্ব দেবে।”

আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, প্রথম সচিব (এনএসআই) এ এস এম সায়িম, পাসপোর্ট ও ভিসা কনসাল আবু লায়েছ, কার্যালয় প্রধান মেহেবুব জামান, সোনালী ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম এবং স্কুলের শিক্ষক রাবেয়া বাশার ও নাইমা আফরোজ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল ও মাসুদ সেলিমসহ কনস্যুলেটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।