কোরিয়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন
আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ার আনসানে ‘প্রবাসে জুলাই জাগরণ’ শিরোনামে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া’-এর উদ্যোগে রোববার স্থানীয় একটি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়। একইসঙ্গে আন্দোলনে আহতদের ত্যাগ ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করেই এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-দক্ষিণ কোরিয়া তাদের কার্যক্রম পরিচালনা করবে। প্রবাসীদের ঐক্যবদ্ধ করে দেশের গণতান্ত্রিক ও সংস্কারমূলক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।”
সংগঠনের সদস্য সচিব বাবুল মিয়া বলেন, “তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রবাসীদের মেধা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে আমাদের এই প্ল্যাটফর্ম কাজ করে যাবে।”
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন ও মো. সাব্বির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মো. জুয়েল হোসেন, মুখ্য সংগঠক মো. শামিমুল ইসলাম সামীম, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন এবং সদস্য ইমরান ভূঁইয়াসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
