Published : 23 Dec 2025, 11:35 AM
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান শাখা।
শনিবার দুপুরে মিশিগানের ওয়ারেন শহরের একটি বাংলাদেশি রেস্তোরাঁয় আয়োজিত মিলনমেলার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ সালের গ্র্যাজুয়েট থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্র্যাজুয়েটসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানটি ছিল স্মৃতি ও বন্ধুত্বপূর্ণ আড্ডায় ভরপুর মিলনমেলা। অনেকেই একে অপরকে আগে থেকে চিনলেও, সংগঠিতভাবে একসঙ্গে বসার সুযোগ ছিল এটাই প্রথম। কয়েক ঘণ্টার গল্প, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কাজ ও পারিবারিক ব্যস্ততার কারণে আরও কয়েকজন অংশ নিতে না পারলেও, ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাকৃবির গ্রাজুয়েটদের খুঁজে সংগঠনে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মিলনমেলাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগানের কার্যক্রম শুরুর বিষয়টি। একই সঙ্গে সংগঠনের প্রথম সংক্ষিপ্ত কমিটিও ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি কামরুল মজুমদার, সহ-সভাপতি মোজাহার হোসেন আহম্মদ সাধারণ সম্পাদক সাইফ সিদ্দিকী অনন্ত ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম সোহেল।
সংগঠনের নেতারা জানান, প্রবাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করা, পেশাগত ও সামাজিক সহায়তা বৃদ্ধি এবং ভবিষ্যতে শিক্ষাবিষয়ক ও মানবিক কার্যক্রমে ভূমিকা রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য।