ইতালিতে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’
কোটা সংস্কার আন্দোলনের মাঝে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রতিবাদে এ আয়োজন করেন তারা।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের মাঝে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রতিবাদে ইতালিতে ‘শান্তি সমাবেশ’ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বুধবার বিকালে রোমের পিয়াজ্জা দেই সান্তি আপস্তলি এলাকায় এ সমাবেশ থেকে সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন নেতারা।
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহতাব হোসেন।
মাহতাব হোসেন বলেন, “দেশের একটি মহল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে মিশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় বিগত দিনের যত উন্নয়ন হয়েছে, সেসব স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
আলমগীর হোসেন বলেন, “ছাত্রদের যারা উসকানি দিয়েছে তারা দেশের শত্রু। এদের রিরুদ্ধে রুখে না দাঁড়ালে তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।”
সমাবেশে রোম আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
