Published : 08 Apr 2026, 10:50 AM
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়।
শনিবার স্থানীয় সময় বিকেলে আমস্টারডামের অসড্রপ মিলনায়তনে স্বপ্না চৌধুরীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রবাসী বাংলাদেশি পরিবার এবং দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজক স্বপ্না চৌধুরী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাপ্পি সিদ্দিকী ও কামাল হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক উপল হাসান, সাংস্কৃতিক সংগঠক রেবেকা ওয়াফী মুক্তি, প্রিয়া চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, জুনু আক্তার, জায়েদ আলম, ওমর অপু, তানজির নিভা, অরূপ আহমদ বাবু ও অন্তরা বড়ুয়া।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাহারি পিঠার স্টলগুলো। বর্ণিল সাজে সজ্জিত অডিটোরিয়ামে ভাপা, দুধচিতই, চুই পিঠা, নকশি পিঠা, মালপোয়া ও পাটিসাপটাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়।
প্রবাসী শিশু-কিশোর ও স্থানীয় বিদেশিরাও আগ্রহ নিয়ে এই আয়োজন উপভোগ করেন। উৎসবে পুরুষদের পরনে ছিল নকশা করা পাঞ্জাবি এবং নারীদের পরনে ছিল লাল-সবুজের শাড়ি, যা অনুষ্ঠানস্থলে একখণ্ড বাংলাদেশের আবহ তৈরি করে।
বক্তারা বলেন, “পিঠাপুলি বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ। ঋতুবৈচিত্র্যের সঙ্গে পিঠার নিবিড় সম্পর্ক রয়েছে। প্রবাস জীবনে যান্ত্রিকতার ভিড়ে এ ধরনের আয়োজন নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা পালন করবে।”
উৎসবের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্যামল শীল, আলিশা নুরী, শিপ্রা মন্ডল ও শিশু শিল্পী সমৃদ্ধা। নৃত্যে অংশ নেন শ্রদ্ধা ও শানিন্দ।
সবশেষে পিঠা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।