১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেলবোর্নে বাংলা স্কুলে মা দিবসের অতিথি ডলি জহুর

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে মা দিবসের কেক কাটেন।

বিডিনিউজ২৪

সাবিহা আক্তার লাকী

মেলবোর্ন থেকে

Published : 17 Aug 2024, 02:47 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশিদের পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর।

স্থানীয় সময় রোববার বিকেলে স্কুলটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে ডলি জহুর বলেন, মা হলেন সন্তানের জন্য বটবৃক্ষ, যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন।

অস্ট্রেলিয়ায় বসবাস করা বাংলাদেশি শিশুরা এ স্কুলে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা করছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এছাড়া মায়ের ভাষা বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলার চর্চা অব্যাহত রাখতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে মা দিবসের কেক কাটেন। ছাত্র-ছাত্রীরা মাকে নিয়ে সুন্দর মুহূর্তের স্মৃতিচারণ করেন, তাদের জীবনে ও পরিবারে মায়ের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে অভিনেত্রী ডলি জহুরের জীবন ও কর্মের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ প্রবাসীরা।