১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে প্রবাসীদের ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে দূতাবাস

বৃহস্পতিবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।

বাহরাইনে প্রবাসীদের ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে দূতাবাস
রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস ভবন।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 10:12 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসী বাংলাদেশি সময়মতো ভিসা নবায়ন করতে পারেননি, তাদের জন্য সুযোগের ঘোষণা দিয়েছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। 

বৃহস্পতিবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। 

এতে বলা হয়, “গত ২৮ ফেব্রুয়ারি থেকে যারা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাংলাদেশে অবস্থান করছিলেন এবং বিমান চলাচল বন্ধ থাকা কিংবা অনলাইন সিস্টেম অকার্যকর হওয়ার কারণে ভিসা নবায়ন করতে ব্যর্থ হয়েছেন, কেবল তারাই এই বিশেষ সুবিধার আওতায় বিবেচিত হবেন।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাদের প্রয়োজনীয় প্রমাণপত্রসহ দূতাবাসে আবেদন করতে হবে। আবেদনকারীদের সরাসরি দূতাবাসে না গিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। 

আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের কপি, ভিসার কপি, সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রি (সিপিআর) কপি এবং বিমান টিকেটের কপি সংযুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া যারা দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এলএমআরএ) আওতাভুক্ত নন, তাদের ক্ষেত্রে কমার্শিয়াল রেজিস্ট্রেশন (সিআর) কপি দিতে হবে। 

আবেদনের সময় বাংলাদেশ বা বাহরাইনের একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় সব কাগজপত্র স্ক্যান করে দূতাবাসের নির্ধারিত ইমেইল mission.manama@mofa.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বা যেকোনো প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৩-৩৮৩৯৩০১২-এ যোগাযোগ করতে বলা হয়েছে। 

তবে দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে, এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। যুদ্ধের আগে, ওই সময়ে কিংবা পরে যদি কোনো স্পন্সর বা কফিল কর্তৃক ভিসা বাতিল করা হয়ে থাকে অথবা সিআর সংক্রান্ত কোনো আইনি জটিলতায় কারো ভিসা বাতিল হয়, তবে তারা এ সুবিধার আওতায় পড়বেন না।