১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ বইয়ের প্রকাশনা উৎসব

অভিবাসী নারীর লড়াই ও আশার দোলাচল নিয়ে বইটি লিখেছেন খিয়াং নয়ন।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 12:23 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘আশা এবং আমার সংগ্রাম’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।

এক অভিবাসী নারীর লড়াই ও আশার দোলাচল নিয়ে এ দ্বিভাষিক বইটি লিখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন।

সামাজিক সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (এসএএফ)-এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্যারিসের রিপাবলিক চত্বর সংলগ্ন বুজ দ্য থ্যাবাই হলে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো। 

বিশেষ অতিথি ছিলেন প্যারিস ১৮–এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক সংগঠন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, ফরাসি গণমাধ্যম আলথেখস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তরের অডিট অফিসার লিন্ডা মেরি সরকার, আবু জুবায়ের এবং লেখক নিজে খিয়াং নয়ন।

অতিথিরা তাদের বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে সাহিত্যিকভাবে তুলে ধরার প্রশংসা করেন। 

তারা বলেন, “এই বই কেবল একটি আত্মকথন নয়; এটি অভিবাসী জীবনের আশা, সংগ্রাম ও ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিক আহমেদ উল্লাস ও তাওহিদা আনজুম নাফিসা। স্বাগত বক্তব্য দেন শাহীন আহমেদ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন, “এ বইটি কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, আত্মমর্যাদা ও আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের রাজনৈতিক চেতনা ও মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।”

লেখকের এটি দ্বিতীয় প্রকাশনা। এর আগে ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম বই ‘জীবনের ছাপ’।