১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইনুর মুক্তির দাবিতে নিউ ইয়র্ক ও লন্ডনে জাসদের বিক্ষোভ

আইসিটির বিচার প্রক্রিয়াকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত করেন তারা।

ইনুর মুক্তির দাবিতে নিউ ইয়র্ক ও লন্ডনে জাসদের বিক্ষোভ
নিউ ইয়র্কে জাসদের বিক্ষোভ সমাবেশ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 10:24 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় প্রত্যাখ্যান করে তার মুক্তির দাবিতে নিউ ইয়র্ক ও লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন তার দলের কর্মী-সমর্থকরা। 

স্থানীয় সময় বুধবার বিকেলে দুই দেশে পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘প্রহসনের বিচার মানি না’ ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম জিকো।

সমাবেশে বক্তব্য দেন ফকির ইলিয়াস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, দরুদ মিয়া রনেল, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিউদ্দিন সবুজ, আবুল ফজল লিটন ও সাদিকুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, “বাংলাদেশকে ‘তালেবানি রাষ্ট্রে’ পরিণত করার লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” 

তারা আইসিটির বিচার প্রক্রিয়াকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত করে বলেন, “বিএনপি-জামায়াতের নীল নকশা নস্যাৎ করতে বাঙালিরা আবারও ঐক্যবদ্ধ হবে।” 

পূর্ব লন্ডনে জাসদের প্রতিবাদ সমাবেশ।

পূর্ব লন্ডনে জাসদের প্রতিবাদ সমাবেশ।

একই দিনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সর্বইউরোপ ও যুক্তরাজ্য জাসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

যুক্তরাজ্য জাসদের সভাপতি মজিবুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদের সঞ্চালনায় এতে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের জাসদ নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “৫ অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। যেখানে একাত্তরের ঘাতক ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়ার কথা, সেখানে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে উল্টো মুক্তিযোদ্ধাদের সাজা দেওয়া হচ্ছে।” 

সমাবেশে আরও বক্তব্য দেন সর্বইউরোপ জাসদের সভাপতি মতিউর রহমান মতিন, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লোকমান হোসেন, মতিয়ার চৌধুরী, ফরাজী আজমল হোসেন, আনসার আহমেদ উল্লাহ এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ নূরুল ইসলাম।

জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করে। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ এনেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।