১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদিতে ফ্যাশন মেলায় বাংলাদেশ, লক্ষ্য বাণিজ্য সম্প্রসারণ

এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে বলে আশা কনস্যুলেটের।

সৌদিতে ফ্যাশন মেলায় বাংলাদেশ, লক্ষ্য বাণিজ্য সম্প্রসারণ
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা ও কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন।

বিডিনিউজ২৪

রফিক চৌধুরী, জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 11:59 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। 

আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ মেলা ঘিরে চলছে নানা প্রস্তুতি।

এই উপলক্ষ্যে রোববার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এতে মেলার বিস্তারিত জানান কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন ও কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা।

‎ 

মো. শাখাওয়াত হোসেন বলেন, “এবারের ফ্যাশন এক্সপোতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি কোম্পানি তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার ও পোশাক সামগ্রী প্রদর্শন করবে।” 

২৬টি দেশের প্রতিনিধিরা এই মেলায় অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সৌদি বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনাকে আরও বিস্তৃত করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।

‎কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, “মধ্যপ্রাচ্যে বাংলাদেশ এখন কেবল শ্রমনির্ভর দেশ নয়, বরং একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান ও প্রতিযোগিতামূলক মূল্য ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।”

তিনি জানান, এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের রপ্তানি সক্ষমতা তুলে ধরবে, নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজবে এবং বাংলাদেশের পরিবেশবান্ধব ও টেকসই পোশাককে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবে।