Published : 17 Aug 2025, 09:46 PM
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে বিএনপি মালদ্বীপ শাখা।
দিনটি উপলক্ষ্যে শুক্রবার রাতে রাজধানী মালের একটি রেস্তোরাঁয় নানা আয়োজন করেন তারা।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা, মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, মো. ফারুক, আলতাফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
আলোচনা পর্বে সভাপতি খলিলুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশের মালিক দেশের জনগণ, আর বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”