Published : 28 Apr 2026, 09:46 AM
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
এ কর্মসূচি সমন্বয় ও সঞ্চালনা করেন হৃদয় মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি লিডার সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, ইমদাদ চৌধুরী, রফিকুল ইসলাম।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন, আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।
২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টি ছিলেন পরস্পরের বন্ধু। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এসে তারা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে ফ্লোরিডার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক সাড়ে চার বছরের। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না। তবে উচ্চ শিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটে মর্মান্তিক ঘটনা।
১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার।
তদন্তে নেমে শুক্রবার লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে। তবে এখনও বৃষ্টির লাশ পাওয়া যায়নি।
লিমনের লাশ উদ্ধারের পর তার রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। আবুগারবিয়েহও এক সময় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন।
হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, তার অপরাধমূলক ইতিহাস রয়েছে, যার মধ্যে ২০২৩ সালের চুরি ও শারীরিক আঘাতের অভিযোগ রয়েছে। সেই বছরই তার এক আত্মীয় তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার দুটি মামলা করেছিলেন।