০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জামায়াতে যোগ দেওয়ার ‘আক্রোশ’ থেকে আখতারুজ্জামান গ্রেপ্তার: পরওয়ার

কারাগারে আখতারুজ্জামানকে ডিভিশন না দেওয়া, আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পড়িয়ে আনারও প্রতিবাদ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 08:03 PM

Updated : 04 Oct 2026, 08:03 PM

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আক্রোশ থেকেই অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার আক্রোশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার। সন্ধ্যায় দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা বলা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর এই প্রেস ব্রিফিং করে জামায়াত।

বিমানবন্দরে ‘অব্যবস্থাপনার’ বিষয়ে গোলাম পরওয়ার বলেন, “বিমানবন্দরে ট্রলি পাওয়া যায় না। লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। আখতারুজ্জামান অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে পরে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে।’

“বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া জামিনযোগ্য মামলায় আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রশিদু্জ্জমান মিল্লাতের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “সরকারের মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে জাতির সামনে সেদিনের ঘটনা নিয়ে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা দিতেন; কিন্তু মন্ত্রী তা করেননি।

“বরং অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তার দ্বারা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’’

কারাগারে আখতারুজ্জামানকে ডিভিশন না দেওয়ারও সমালোচনা করে, তাকে আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পড়িয়ে আনারও প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি।

গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর রাজনীতিতে নাম লেখান একসময়ের বিএনপি নেতা আখতারুজ্জামান। এর আগে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে দুবার কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।