১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঙ্কজের প্রার্থিতা বাতিল ও নিজেরটি ফিরে চেয়ে শাম্মীর আপিল

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাম্মীর মনোনয়নপত্র বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে। দলের সমর্থন না পেয়ে বর্তমান সংসদ সদস্য পঙ্কজ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ।

পঙ্কজের প্রার্থিতা বাতিল ও নিজেরটি ফিরে চেয়ে শাম্মীর আপিল

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ ও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া শাম্মী আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 09 Dec 2023, 06:32 PM

Updated : 09 Dec 2023, 06:32 PM

যাচাইবাছাইয়ে বাতিল হয়ে যাওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদ।

সেই আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনে শাম্মী আহমেদ আপিল দুটি করেন।

আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে আওয়ামী লীগ যে মনোনয়ন দিয়েছে, সেখানে ৭১ জন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। এদের একজন পঙ্কজ নাথ। সেখানে প্রার্থী করা হয় আওয়ামী লীগের এক সময়ের ডাকসাইটে নেতা মহিউদ্দিন আহমেদের মেয়ে শাম্মীকে।

তবে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন পঙ্কজের আবেদনে শাম্মীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

তিনি সেদিন বলেন, শাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।”

এই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিল করার কথা জানিয়েছিলেন শাম্মীর বড় ভাই শাহাব উদ্দিন আহমেদ।

ঘোষিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলেল সুযোগ রাখা হয় ৫ থেকে ৯ ডিসেম্বর। কেবল প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করা যায় এমন নয়, বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করা যায়।

নির্বাচন কমিশনে শাম্মীর আবেদন জমা দিয়ে তার প্রতিনিধি খালেদ মাসুদ জানান, আবেদনে পঙ্কজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, "শাম্মী আপা প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে উপযুক্ত দলিল উপস্থাপন করবেন। তিনি যে দ্বৈত নাগরিক না, তার প্রমাণ করবেন। একই সঙ্গে পঙ্কজ নাথের সম্পদ বিবরণীতে অসত্য তথ্য দেওয়ার বিষয়ও তুলে ধরবেন।”

পঙ্কজ নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য গোপন করেছি বলে অভিযোগ করে আমার প্রার্থিতা বাতিলের আবেদন করেছে। এটার শুনানি হবে, আমি উপস্থিত থাকব।”

এই আবেদনের বিষয়ে শাম্মীর বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করলেও তিনি তা ধরেননি।