১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন ‘বয়কট’

“একজন কর্মী না বুঝে এ ঘটনা ঘটিয়েছে। তার পরিচয় শনাক্ত করে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 12:50 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। 

এর প্রতিবাদে পরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। 

ঘটনাস্থলে থাকা একজন ফটোসাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতা-কর্মীরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন স্টার নিউজের এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

“এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা। আমি নিজেও ফিরে এসেছি। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাইছি।”

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এই সফরে সরকারপ্রধানের সঙ্গে ছিলেন। 

সফর শেষে ফিরে আসা দুই নেতাকে অভ্যর্থনা জানাতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে যান এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকেই বুধবার রাতে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয় সাংবাদিককের। সেখানেই এ ঘটনা ঘটে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টার নিউজের ওই সাংবাদিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আখতার ভাইও উনার সঙ্গে কথা বলেছেন। উপস্থিত সাংবাদিকসহ ঘটনার শিকার সাংবাদিকের কাছে এ ঘটনায় আমরা দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি।

“একজন কর্মী না বুঝে এ ঘটনা ঘটিয়েছে। তার পরিচয় শনাক্ত করে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”