Published : 16 May 2026, 02:46 PM
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা পৌনে ৩টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ওই খালে ফলক উন্মোচন করে কর্মসূচি উদ্বোধন করেন সরকারপ্রধান।
ফলক উন্মোচনের পরে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপম।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তারই ছেলে তারেক রহমান।
খোর্দ্দ খাল পুনঃখননের আনুষ্ঠানিকতা সেরে বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার কুমারডুলি গ্রামে ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত।