Published : 16 Feb 2026, 09:06 PM
সরকার গঠনের অপেক্ষায় থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সাক্ষাতে নতুন সরকারের শপথ অনুষ্ঠান নিয়ে কথা হওয়ার কথা বলেছেন তিনি।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বেরিয়ে নাসিমুল গণি সাংবাদিকদের বলেন, “আমাদের ভাবি প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, নতুন সংসদ সদস্য হিসেবে যারা শপথ নেবেন, এটার জন্য সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো জানানোর জন্য আমি আজ এসছিলাম, যেন উনারা উনাদের প্রস্তুতি নিতে পারেন।
“উনাদের কোনো পছন্দ-অপছন্দ থাকলে আমাদের জানাতে পারেন, যেটা অনুযায়ী সরকার সুষ্ঠুভাবে তার কাজ সম্পাদন করতে পারে। এটুকুই ছিল আমার কর্তব্য।”
বিএনপির পক্ষ থেকে কোনো পছন্দ-অপছন্দ জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “উনারা জানিয়েছেন যেগুলো…খুঁটিনাটি। সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি।”
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনের শপথ কক্ষে মঙ্গলবার সকালে শপথ নেবেন। একই দিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ নিতে হবে। সংসদ ভবনের শপথ কক্ষে দুই শপথ ‘পর্যায়ক্রমে’ হবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।