২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন, পিএস পুলিশ হেফাজতে

সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ তুলে তার মোহাম্মদপুরের বাসার সামনে মানববন্ধন করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। 

এর মধ্যে আন্দোলনকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে তার বাসার সামনে প্রতিবাদ জানাতে যান বিএনপির নেতাকর্মীরা।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।”

একটি ভিডিওতে দেখা যায়, একটি ইট নিয়ে জনী নন্দী দৌড়ে এসে একজনের মুখে মারার চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জনী নন্দীকে শার্টের কলার ধরে নিয়ে যায়।