২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সস্ত্রীক ওমারহ পালন করলেন মির্জা ফখরুল

শনিবার এশার নামাজের পরে মির্জা ফখরুল ও তার স্ত্রী ওমরাহ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 01:19 PM

Updated : 01 Sep 2026, 09:06 PM

সৌদি আরবের মক্কায় সস্ত্রীক ওমরাহ পালন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, বিএনপি মহাসচিব এবং তার স্ত্রী রাহাত আরা বেগম শনিবার মাগরিবের নামাজের পর মদিনা থেকে মক্কায় পৌঁছান।

“এশার নামাজের পরে তারা ওমরাহ করেন। ওমরাহর যেসব আনুষ্ঠানিকতা আছে, যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করাসহ সব কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারামে উনারা নামাজ আদায় করেছেন। এ সময় বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া করেছেন বিএনপি মহাসচিব।”

আজাদ জানান, রোববার মির্জা ফখরুল মক্কায় থাকবেন। এদিন তারা মক্কার আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। সোমবার তাদের মক্কা থেকে জেদ্দা যাওয়ার কথা আছে।

আগামী ৮ মে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।