১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির

এখন নতুন তফসিল ঘোষণা করে সেখানে উপ নির্বাচনের আয়োজন করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

সোমবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়, বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র দিয়েছেন।

সে কারণে সোমবার থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি। এখন নতুন তফসিল ঘোষণা করে সেখানে উপ নির্বাচনের আয়োজন করা হবে।

শেরপুর-৩ ও উপ-নির্বাচনের সিদ্ধান্ত ‘শিগগিরই’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল হয়েছিল আগেই। ওই আসনে নতুন করে তফসিল দেবে ইসি।

তাছাড়া বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ নির্বাচন করতে হবে। সেজন্যও আলাদা তফসিল দিতে হবে। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ দুই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ‘শিগগিরই’ সিদ্ধান্ত হবে।

পুরনো খবর

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান