১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জামিনে মুক্ত

যুবদল নেতা শামীম হত্যা মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জামিনে মুক্ত
শামসুল আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 01:01 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

যুবদল নেতা শামীম হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জেলার একেএএম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

গত ১৮ জুন মধ্যরাতে মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে। পরে তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

আদালতে শামসুল আলম।

আদালতে শামসুল আলম।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

ওইদিন বিএনপির মহাসমাবেশে হামলা হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে নিহত হন যুবদল নেতা শামীম।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছর ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এই মামলা করা হয়।

সেই মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম।

কৃষি অর্থনীতিবিদ শামসুল আলম ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত ছিলেন। ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। 

প্রায় এক যুগ ধরে সেই দায়িত্ব পালন শেষে ২০২১ সালের জুলাইয়ে তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হন টেকনোক্র্যাট হিসেবে।

কৃষি অর্থনীতিতে অবদানের জন্য ২০২০ সালে আওয়ামী লীগ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ২০২২ সালের ২৪ মে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।