Published : 09 Aug 2026, 10:17 PM
দেশের ‘কিছু’ রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়নযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসব রাজনৈতিক দলকে মোকাবেলায় দেশের জনগণকে ‘সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে কথা বলছিলেন তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন বিষয়ে এ অনুষ্ঠান হয়।
সরকারপ্রধান বলেন, “দেশে কিছু রাজনৈতিক দল, তারা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
“আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের সব গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে, এই বিশৃঙ্খলাকারী, যারা রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা আমরা গ্রহণ করব? এটা আজ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।“
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আজ শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে; আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি যে, দেশের উন্নয়নের ক্ষেত্রে দেশকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
‘‘আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন।”
তিনি বলেন, “বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে, আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সেই ৩১ দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।
এদিন সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পৌঁছান তারেক রহমান।
তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করে হেলিকপ্টারে চড়ে যান বাঁশখালীর বাহারছড়ায়। সেখানে তিনি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এরপর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপ্রধান। বিকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন তিনি। এরপর আসেন হাটহাজারী সরকারি কলেজ মাঠে।
সন্ধ্যায় চট্টগ্রাম শহরের একটি হোটেলে সাংগঠনিক সভার পরে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।