১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন: এনসিপির তহবিলের পরিমাণসহ ৬ বিষয় জানতে চায় ইসি

ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় পেয়েছে নতুন দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 12:51 AM

Updated : 10 Sep 2026, 12:44 PM

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন প্রশ্নে তহবিলের পরিমাণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

দলটির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ইসি ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে ৩ অগাস্টের মধ্যে তা পূরণ করতে বলেছে।

তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।

নিবন্ধন আবেদনের তথ্য সরেজমিন যাচাইয়ের আগে বিধি অনুযায়ী ত্রুটি বা ঘাটতি সংশোধনে ১৫ দিন সময় দেওয়া হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

ইসি উপসচিব (নির্বাচন সহায়তা ও সমন্বয়) মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার এনসিপির আহ্বায়কের নামে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন শনিবার বলেন, “দল নিবন্ধন আবেদন যাচাইয়ের প্রাথমিক কিছু তথ্য ঘাটতির চিঠি আমরা পেয়েছি। কিছু জেলা, উপজেলার তালিকা, সদস্য অন্তর্ভুক্তিসহ কয়েকটি বিষয় রয়েছে। এনসিপির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী সব তথ্য পূরণ করে প্রয়োজনীয় দলিলাদিসহ ইসিতে জমা দেওয়া হবে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ১৪৪টি দল নিবন্ধন আবেদন করেছে। নিবন্ধন প্রত্যাশী সব দলের আবেদন বাছাইয়ের পর প্রয়োজনীয় ত্রুটি সংশোধনে সময় দিয়েছে। দলগুলোকে চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ঘাটতি পূরণ ও শর্তাদি প্রতিপালনে ব্যর্থ হলে আবেদন নিবন্ধন অযোগ্য হবে।

বাছাইয়ে টিকে থাকতে এনসিপিকে যা পূরণ করতে হবে

এনসিপিকে দেওয়া চিঠিতে ইসি সচিবালয় বলেছে, আবেদন যাচাই করা হয়েছে। আরপিও’র দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী যাচাইয়ের পর যেসব ত্রুটি বা ঘাটতি দেখা গেছে-

>> ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি; ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই।

>> ঠিকানাসহ সব উপজেলা, থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি; ২৫টি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার (ন্যূনতম ২০০ জন) সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি। দুটি উপজেলা অফিসের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই।

>> আবেদন ফরম-১-এর ফিল্ড নম্বর-৯-এ তহবিলের পরিমাণ উল্লেখ নেই, আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই।

>> নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই।

>> দলের গঠনতন্ত্রে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুত প্যানেল থেকে দলের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি।

>> দলের কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থি নয় এবং দলে কোলাবরেটর (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭২ এর অধীন দণ্ডিত কোনো ব্যক্তি নেই- এ ধরনের প্রত্যয়নপত্র যুক্ত করা হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সংশোধিত গঠনতন্ত্র জমা এবং দল নিবন্ধন বিধিমালার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় শর্তাদি প্রতিপালনে আবেদনের ত্রুটি সংশোধ করতে বলেছে ইসি।

নির্ধারিত সময় ৩ অগাস্টের মধ্যে প্রয়োজনীয় সংশোধনসহ তথ্য ও দলিলাদি জমার পর নির্বাচন কমিশন সচিবালয় সব দপ্তরে সরেজমিন তদন্তে নামবে।

আবেদনের ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় পেল নিবন্ধন প্রত্যাশী দল

এনসিপির নিবন্ধনের জন্য কাগজপত্র আসছে ট্রাকে করে!

নতুন দল নিবন্ধন: আবেদন বাছাই শুরু, ত্রুটি-ঘাটতি সারতে সময় ১৫ দিন

 নিবন্ধন চায় ১৪৭ দল, আছে 'ভোটার পার্টি', 'সলুশন পার্টিও'