১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনারস প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি

আদালতের আদেশে নিবন্ধন পেল দলটি। ২০২৩ সালে আবেদন করে ইসিতে নাকচ হওয়ার পর আদালতের দ্বারস্থ হয় লেবার পার্টি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

আদালতের আদেশে আরও একটি দল নিবন্ধন পেল; আনারস প্রতীকে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন।

দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদ সংগ্রহ করেন।

তিনি সাংবাদিকদের জানান, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তারা নিবন্ধনের আবেদন করেছিলেন। তৎকালীন ইসি যাচাই বাছাই করে আবেদন খারিজ করে দিয়েছিল।

“এরপর উচ্চ আদালতের গিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ২৯ মে নিবন্ধন রায় পেয়েছি। এ রায়ের কপি বর্তমান ইসির কাছে দেওয়ার পর নানা জটিলতা পেরিয়ে আজ নিবন্ধন পেয়েছি।”

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে লেবার পার্টি। ২০১৮ সালে পিরোজুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোটও করেছিলেন দলটির চেয়ারম্যান।

তিনি বলেন, লেবার পার্টি রাজনীতিতে ‘নতুন ধারার’ সৃষ্টি করবে। প্রাথমিকভাবে দলের কিছু প্রার্থী ঘোষণা করা হবে। দলের নিবন্ধন নম্বর-৫৬।

নিবন্ধন সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাই কোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

সবশেষ গত এপ্রিলে আদালতের আদেশে নিবন্ধন পায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনের নিয়ম চালু হয়। দেশের এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬টি হলেও নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে পাঁচটি দলের।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে শর্তপূরণ করা দলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পুরনো খবর 

'রকেটপ্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

দল নিবন্ধন২২ দলের মাঠের তথ্য আসতে শুরু করেছে ইসিতে