১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : 'হাতকাটা কাশেম’ ৫ দিনের রিমান্ডে

কারওয়ান বাজার এলাকা থেকে গত ১৭ অগাস্ট কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : 'হাতকাটা কাশেম’ ৫ দিনের রিমান্ডে
আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 02:43 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য দিয়েছেন। 

গেল ১৭ অগাস্ট ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২০ অগাস্ট তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। 

তিনি বলেন,"মামলার ঘটনা ২০১৫ সালের ২০ এপ্রিল। আর মামলা হয়েছে ২০২৪ সালে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণায় যান। কারওয়ান বাজার এলাকায় তার গাড়ি বহরে হামলা করা হয়।"

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন,"ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে, আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে কাশেমরা বেগম খালেদা জিয়াকে সুদূরপ্রসারী পরিকল্পনা করে খুনের। তাকে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল। তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।"

আসামির পক্ষে অ্যাডভোকেট মাসুদ রানা এবং মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।

মনির হোসাইন বলেন,''আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এক হাত কাটা। অন্যের ওপর নির্ভর করে চলতে হয়। এ অবস্থায় দাঙ্গা-হাঙ্গামায় জড়ানো সম্ভব না।"

এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কাশেম বলেন,"পায়েও সমস্যা।"

পরে মনির হোসাইন ফেনীর নুসরাত হত্যা মামলায় আসামিদের জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গ টেনে আনেন। 

তিনি বলেন,“প্রকাশ্য দিবালোকের ঘটনা। তদন্ত কর্মকর্তা আন্তরিকভাবে তদন্ত করুক। আসামি বিশেষ চাহিদা সম্পন্ন লোক। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হোক।"

পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেন। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে ‘হত্যার উদ্দেশ্যে’ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালান।

মামলাটি হয় ২০২৪ সালের ২২ অগাস্ট। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। মামলায় বাদী হন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।