Published : 06 Oct 2025, 03:39 PM
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য জানিয়েছেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম। মোজাম্মেল হকের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মূল নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আসামির আইনজীবী লিটন মিয়া।
আবেদনে বলা হয়, মামলার ঘটনার দিন ৫ অগাস্ট আদাবর থানা এলাকায় সরকার বিরোধী আন্দোলন দমনে ছিলেন আসামি। ওই দিনের সহিংসতায় গামেন্ট কর্মী রুবেলের মৃতুর ঘটনায় আসামি জড়িত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
রুবেল হত্যা মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরে অগাস্ট আদাবর থানায় এ হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল গ্রেপ্তার