Published : 13 Mar 2026, 09:10 PM
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তদ্বির’ নয়, সরকার সব ক্ষেত্রে ‘মেধার গুরুত্ব’ দেবে।
শুক্রবার বিকালে ঢাকার কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকুরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না… চাকরি তো অসম্ভব। এজন্য আমাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
“মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই… ভাই একটু বলে দেন…।”
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদ্বির। সেই তদ্বিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত।
“দরকার আছে, সেসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।”
নিজের জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানৗয় জনগণের জীবন মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন ফখরুল।
তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।