খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
“ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন,”বলেন জাহিদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত এবং উনার সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছিলেন। তারা ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।”
রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
