Published : 20 Aug 2026, 10:51 PM
দীর্ঘ লড়াই সংগ্রামের পথ ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজের প্রত্যাশার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী চান মির্জা ফখরুলের দীর্ঘদিন লড়াই-সংগ্রামে দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে।
বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বিকালে নির্বাচনের ফল ঘোষণার পর আমির খসরু সাংবাদিকদের বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো পছন্দ তো হতে পারে না। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর, জীবনের বিনিময়ে কষ্ট করেছেন।
“এবং যার বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি। একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠন হয়েছে। আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা অগ্রভাগে ছিল…আমরা সবাই জানি এবং একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ রাষ্ট্রপতির চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছেন।”
অর্থমন্ত্রী বলেন, “নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন…সেই গণতন্ত্রের প্রতিফলন হচ্ছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, আমার মনে হয় জনগণ ভুলেই গেছে। আজকে একটি নির্বাচিত সংসদে রাষ্ট্রপতির নির্বাচন হল, এটাও আমাদের জন্য বড় পাওয়া। এই গণতান্ত্রিক ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।
“যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য, মানে এই ধারা বজায় রাখার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে…এই ধারাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারব।”
নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কী জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “উনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) গণতন্ত্রের মশালবাহক হিসেবে আজকে এখানে আসছেন তাই না, এবং সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে। সেখানে ওনার ভূমিকা বিগত দিনে যা ছিল, এখনো তাই থাকবে।”
আরও পড়ুন: