১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই হোটেল ও মার্কেট জব্দের আদেশ

একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল এবং জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছে আদালত। 

একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ হয়েছে। 

দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ রোববার এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান। 

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন হাতিয়ার হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ নামের দুটি হোটেল জব্দ এবং একটি মার্কেট, একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, “অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন। 

“অপরাধলদ্ধ আয়ের মাধ্যমে অর্জিত এসব সম্পদ/সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য মানিলন্ডারিং আইনের ১৪ ধারা মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি মাহতাব আলী নামে পূবালী ব্যাংকে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।”