Published : 02 Aug 2025, 05:14 PM
জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, “’২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
“দুর্নীতি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন, যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।”
শনিবার সকালে এফডিসিতে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়, সবাই গণতান্ত্রিক দল।
“কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা- সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।”
বিএনপি নির্বাচিত হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “আমরা একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করব। তবে সকলকে সতর্ক থাকতে হবে যে, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।”
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের এক যুগান্তকারী দলিল। জুলাই যোদ্ধারা ইতিহাসের মহানায়ক হিসেবে স্থান করে নিয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে।
“জুলাই আমাদের ধর্ম-বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগ কখনো মোছা যাবে না।”
বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে জয় পায় ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।