২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জুলাই সনদের খসড়া: মতামত দিতে ২ দিন সময় পেল দলগুলো

মতামত পাওয়ার পর সমন্বিত চূড়ান্ত খসড়ার বিষয়ে মাসের শেষ সপ্তাহে আবার দলগুলোর সঙ্গে বসবে ঐকমত্য কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

রাষ্ট্র সংস্কারে সংলাপের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়ার বিষয়ে মতামত জানাতে আরও দুদিন সময় পেল রাজনৈতিক দলগুলো।

জাতীয় ঐকমত্য কমিশনে দলগুলোর ২০ অগাস্টের মধ্যে মতামত পাঠানোর কথা ছিল যা এখন দেওয়া যাবে ২২ অগাস্টে।

বুধবার সন্ধায় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন বিকাল ৩টা পর্যন্ত মতামত দেওয়া যাবে।

কমিশন গত ১৬ আগস্ট সনদের চূড়ান্ত সমন্বিত খসড়ার কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায়।

মতামত পাওয়ার পর সমন্বিত চূড়ান্ত খসড়ার ওপর মাসের শেষ সপ্তাহে ২৬-২৭ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

দলগুলোর কাছে পাঠানো সমন্বিত খসড়ায় জুলাই সনদ ‘সাংবিধানিক ও আইনগতভাবে’ কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ না রাখার প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন।

পট পরিবর্তনের পর দীর্ঘ আলাপ-আলোচনার ফসল হিসেবে প্রণয়ন করা এ সনদের ‘পূর্ণাঙ্গ সমন্বিত খসড়ায়’ দলগুলোর কাছে এমন অঙ্গীকার চায় কমিশন।

একই সঙ্গে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এ সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাব করা হয়েছে।

এমন আটটি অঙ্গীকারনামা রেখে গত ১৬ অগাস্ট রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া পাঠায় সংস্কার বিষয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।

পাশাপাশি এ সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, দেরি না করে সেগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এতে।

আইনি সুরক্ষাসহ এ সনদের পূর্ণ বাস্তবায়নে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আগেই অঙ্গীকার চায় রাষ্ট্র সংস্কারে কাজ করে আসা এ কমিশন।

বহুল আলোচিত এ সনদে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐকমত্য কমিশন সংশ্লিষ্টরা সই করবেন।