১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

৩ অগাস্ট জামায়াত জোটের শীর্ষনেতাদের বৈঠক, ৫ অগাস্ট সমাবেশ

এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জোটের নেতারা।

৩ অগাস্ট জামায়াত জোটের শীর্ষনেতাদের বৈঠক, ৫ অগাস্ট সমাবেশ
রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের লিঁয়াজো কমিটির বৈঠক হয়।

বিডিনিউজ২৪

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 12:44 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

আগামী ৩ অগাস্ট বৈঠক করবেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষনেতারা। ওই বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করবেন তারা।

বৃহস্পতিবার রাতে জোটের এক বৈঠক শেষে এই কথা জানানো হয় জোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে লিঁয়াজো কমিটির বৈঠক হয়। 

সেখানে কমিটির সদস্যরা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

হবিগঞ্জ, সিলেটে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির নেতাদের উপর বিএনপির ‘সন্ত্রাসীদের হামলার’ তীব্র নিন্দা এবং জড়িতদের গ্রেপ্তার দাবি জানান তারা।

জামায়াত জোট ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে তাদের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ বিষয়ে জোটের দুইজন নেতার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কথা বলেছে। 

তারা বলেছেন, বৈঠকে জামায়াত জোট ভেঙে যাওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন। 

রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের দেশের বর্তমান অবস্থা, ৫ অগাস্ট সমাবেশ কর্মসূচি সফল করার ব্যাপারে আলোচনা হয়েছে।”

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিডিপির সাধরাণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী ও লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।