Published : 18 Jan 2026, 10:24 PM
‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠী’ নির্বাচন কমিশন ভবনে বারবার গিয়ে কিছু সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার রাতে ইসি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা তিনটি বিষয় তুলে ধরেছি। পোস্টাল ব্যালট ইস্যুতে তারা (কমিশন) আমাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে ইতোমধ্যে তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে।”
রাকিব বলেন, “একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর বারবার এই নির্বাচন কমিশন ভবনে পদচারণা হয়েছে। তারা এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রভাবিত করেছে এবং সেগুলো আমরা এড্রেস করেছি। এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে, এসব বিষয়ে তারা অবগত রয়েছে এবং অবশ্যই পরবর্তী সময়ে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে, সেগুলো তারা দেখবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন ইসি ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তারা নির্বাচন ভবনের সামনের সড়কে বসে পড়েন।
ছাত্রদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “পোস্টাল ব্যালট নিয়ে খুবই খারাপ ব্যবস্থাপনা হয়েছে, বিশেষ করে জামায়াতে ইসলামী ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে।
“এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের কথা, যখন নিশিরাতের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা দেখেছি, যেদিন নির্বাচন ছিল, ঠিক তার আগের দিন আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বাসায় এরকম ব্যালট পেপার পাওয়া গিয়েছে। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে সে বিষয়ে এড্রেস করেছি।”
নাছির বলেন, “আপনারা জানেন যে ৫ তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামী এবং নতুন যে রাজনৈতিক দল, এনসিপি, তারা বিভিন্ন ইস্যুতে মব তৈরি করে।
“আমরা দেখলাম, নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে তারা মব তৈরি করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে দিচ্ছে।
“সেজন্য আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলেছি যে, নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের পক্ষ থেকে, সুতরাং নির্বাচন কমিশন যেন সেই বিশেষ রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এনসিপি যদি মবও তৈরি করে, তারা যেন সাংবিধানিক সিদ্ধান্ত বজায় রাখে।”