১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নুর ও লুৎফুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের সঙ্গে কিছু সময় কথাবার্তা বলেন মির্জা ফখরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের সঙ্গে কিছু সময় কথাবার্তা বলেন মির্জা ফখরুল। এবং চিকিৎসকদের কাছে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার অবস্থা সম্পর্কে জানতে চান। 

এই সময়ে মির্জা ফখরুলের সঙ্গে দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ছিলেন।

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণধিকার পরিষদের দাবি।

লাঠিপেটায় আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ছয় সদস্যের মেডিকেল বোর্ডে নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নিউরো সার্জন, আইসিইউর প্রধান আছেন।

এর আগে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল এবং তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। 

সোমবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।

এর পর দ্রুত লুৎফুর রহমানকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়।