Published : 25 Apr 2026, 08:35 AM
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য চূড়ান্ত করার আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।
৫০টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের ১ একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।
বুধবার ও বৃহস্পতিবার ৫০ জনের মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং অফিসার একজনের মনোনয়নপত্র বাতিল করেন। আপিলের সুযোগ থাকায় মনোনয়নপত্রটি বৈধও হতে পারে।
নারী আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, বিএনপি জোট থেকে মনোনীতদের তালিকায় ৮৫ বছরের প্রবীণ রাজনীতিক যেমন রয়েছেন, তেমনি ৩২ বছরের প্রার্থীও আছেন।
এই জোট থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা শিক্ষা, আয় ও সম্পদে এগিয়ে আছেন। এদের বিরুদ্ধে মামলার সংখ্যাও বেশি। বিএনপি থেকে স্বশিক্ষিত প্রার্থীও মনোনয়ন পেয়েছেন। চাকরি করে বছরে কোটি টাকা আয় করার প্রার্থীও রয়েছে দলটিতে।
জামায়াতের সব সদস্যই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এই জোটের প্রার্থীদের বিরুদ্ধে মামলা নেই বললে চলে। জামায়াতে ইসলামী থেকে মনোনীতদের মধ্যে সর্বোচ্চ ৬৭ বছরের প্রার্থী রয়েছেন; সর্বনিম্ন প্রার্থীর বয়স ৩৭ বছর।
সবচেয়ে প্রবীণ সেলিমা রহমান
তৃতীয়বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। এমএ পাস করা ৮৫ বছর বয়সী সেলিমা রহমান ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।
তার বিরুদ্ধে আটটি মামলা ছিল, গেল বছর নির্বাহী আদেশে সবগুলো প্রত্যাহার হয়।
তার বার্ষিক আয় ৩৬ লাখ টাকার বেশি। বাড়ি ভাড়া, শেয়ার ও বাংক আমানত থেকে এ অর্থ আসার তথ্য দিয়েছেন তিনি।
২০২৫-২০২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

ক্ষমতাসীন জোট থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন—
শিরীন সুলতানা
এমএসএস পাস করা মহিলা দলের সাবেক সেক্রেটারি এর আগেও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
৫৯ বছর বয়সী শিরীন সুলতানার বিরুদ্ধে বর্তমানে ১০টি মামলার বিচার চলছে। এর আগে আটটি মামলায় খালাস পান তিনি। এ বিএনপি নেত্রীর বার্ষিক আয় ৩৬ লাখ ৬৯ হাজার টাকা। সম্পদ রয়েছে চার কোটি সাড়ে ছয় লাখ টাকার বেশি।
রাশেদা বেগম হীরা
অষ্টম ও নবম সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য ছিলেন তিনি। ৬৯ বছর বয়সী রাশেদা বেগম হীরা এমফিল করেছেন। মামলা ছিল একটি, ২০২৪ সালে খালাস পেয়েছেন।
আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ২৫ লাখ টাকার বেশি। সম্পদ দেখিয়েছেন দেড় কোটি টাকার।
রেহেনা আক্তার রানু
অষ্টম ও নবম সংসদেও সদস্য ছিলেন তিনি। প্রায় তিন কোটি টাকার অস্থাবর সম্পদ থাকার তথ্য দিয়েছেন তিনি। এমএ পাস করেছেন ৫৭ বছর বয়সী রেহেনা আক্তার রানু; সবশেষ মামলায় খালাস পাস ২০২৪ সালে।
নেওয়াজ হালিমা আরলী
বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলীর পড়াশুনা স্নাতকোত্তর পর্যন্ত। এ নেত্রীর নামে মামলা ছিল একটি, প্রত্যাহার হয়েছে ২০২৪ সালে।
অষ্টম সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য ছিলেন হালিমা। ৫৭ বছর বয়সী এ আইনজীবী বার্ষিক আয় দেখিয়েছেন ১৪ লাখ টাকার মতো; সম্পদ দেখিয়েছেন দেড় কোটি টাকার।
মোসা. ফরিদা ইয়াসমিন
৬৪ বছর বয়সী মোসা. ফরিদা ইয়াসমিন প্রথমবার সংসদ সদস্য হতে যাচ্ছেন। লেখাপড়া স্নাতকোত্তর পর্যন্ত। ২০১১ সালের একটি মামলায় খালাস পান গত বছর। বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৯০ হাজার টাকা।
বিলকিস ইসলাম
৭০ বছর বয়সী বিলকিস ইসলাম স্নাতক পাস। ২০০১-২০০৬ মেয়াদে ছিলেন সংরক্ষিত নারী আসনের সদস্য। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ৬ লাখ টাকার মতো, সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৬৪ লাখ টাকার।
সাকিলা ফারজানা
প্রথমবার সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাড়ে ৪৮ বছর বয়সী সাকিলা ফারজানা, এ আইনজীবি বার এট ল’ করেছেন। দুটো মামলায় খালাস পেয়েছেন। বার্ষিক আয় সাড়ে ১৪ লাখ টাকার মতো, সম্পদ রয়েছে ৯৪ লাখ টাকার। তবে স্বামী সম্পদশালী, আয়কর রিটার্নে তার সম্পদ দেখানো হয়েছে সাড়ে ১৭ কোটি টাকার।
হেলেন জেরিন খান
৫৭ বছর বয়সী হেলেন জেরিন খান অষ্টম সংসদেও নারী আসনের সংসদ সদস্য ছিলেন। স্নাতকোত্তরের পাশাপাশি এলএলবি পাসও করেছেন তিনি। এ রাজনীতিকের বিরুদ্ধে ১১টি মামলা ছিল। সবগুলো থেকে এরই মধ্যে অব্যাহতি পেয়ে গেছেন।
তার বার্ষিক আয় ৩৭ লাখ টাকার বেশি, আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি টাকার মতো।
নিলোফার চৌধুরী মনি
৫৬ বছর বয়সী নিলোফার চৌধুরী মনি নবম সংসদেও নারী আসনের সদস্য ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস করেছেন, পেশায় আইনজীবি। কখনও মামলার মুখোমুখি হন নি।
বার্ষিক আয় ৫ লাখ টাকা আর ৪৪ লাখ টাকার সম্পদ রয়েছে।
নিপুন রায় চৌধুরী
৩৯ বছর বয়সী নিপুন রায় চৌধুরী পেশায় আইনজীবি। ২৩টি মামলায় ২০২৫ সালে অব্যাহতি, খালাস ও চূড়ান্ত প্রতিবেদন পান তিনি।
বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ৩০ লাখ টাকা। সম্পদ রয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকার।
জীবা আমিনা খান
৬৪ বছর বয়সী জীবা আমিনা খান সশিক্ষিত; সংসদ সদস্য হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়েন গত ১২ এপ্রিল।
তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর কোনোটা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে; কোনোটায় জামিন পেয়েছেন। বার্ষিক আয় সাড়ে ৫ লাখ টাকার মতো; মোট সম্পদের মূল্য দেখিয়েছেন ৮০ লাখ টাকা।
মাহ্মুদা হাবীবা
৫৩ বছর বয়সী মাহ্মুদা হাবীবা বিকম পাস করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয় ৬ লাখ টাকা; আর সম্পদ রয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার।
মোছা. সাবিরা সুলতানা
৫০ বছর বয়সী মোছা. সাবিরা সুলতানা উচ্চ মাধ্যমিক করেছেন। দুটো মামলা চলমান আর ৮টি মামলায় খালাস পেয়েছেন। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখানো হয়েছে ১৫ লাখ টাকা; সম্পদ ১ কোটি ২৬ লাখ টাকার।

সানসিলা জেবরিন
৩২ বছর বয়সী সানসিলা জেবরিন এমবিবিএস করেছেন। এমআরসিএস করেছেন ইংল্যান্ড থকে। আনেয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রভাষক হিসেবেও ছিলেন।
তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয় দেখিয়েছন ৭ লাখ টাকার মতো; সম্পদ দেখিয়েছেন প্রায় ৬৪ লাখ টাকার।
সানজিদা ইসলাম (তুলি)
৪৩ বছর বয়সী সানজিদা ইসলাম টেক্সটাইলে বিএসসি করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা; আর সম্পদ দেখিয়েছেন ২ কোটি ১৩ লাখ টাকার।
সুলতানা আহমেদ
৬২ বছর বয়সী সুলতানা আহমেদ করেছেন এলএলবি। পাঁচটি মামলায় খালাস পেয়েছেন। বার্ষিক আয় ৯৬ লাখ টাকা আর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৫ কোটি টাকার।
ফাহমিদা হক
৪৮ বছর বয়সী ফাহমিদা হক বিএসসি পাস করেছেন। পেশায় লেখক ও বিশ্লেষক। বার্ষিক আয় ৭ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৬০ লাখ টাকার।
আন্না মিন্জ
৬৪ বছর বয়সী আন্না মিন্জের লেখাপড়া স্নাতকোত্তর পর্যন্ত। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫ লাখ টাকা। আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার।
সূবর্না সিকদার
৫২ বছর বয়সী সূবর্না সিকদার স্নাতক পাস। বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ৬৩ হাজার টাকা, সম্পদ রয়েছে ৩৯ লাখ টাকার।
শামীম আরা বেগম স্বপ্না
৬৬ বছর বয়সী শামীম আরা বেগম স্বপ্নার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পর্যন্ত। দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ২ কোটি ৬০ লাখ টাকা আয় দেখিয়েছেন; এরমধ্যে জমি বিক্রি হতে মুলধনী আয় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আর তার সম্পদ রয়েছে ৪ কোটি টাকার।
মোসাম্মৎ শাম্মী আক্তার
৫২ বছর বয়সী মোসাম্মৎ শাম্মী আক্তারের শিক্ষাগত যোগত্য স্নাতকোত্তর পর্যন্ত। নবম সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন তিনি।
ফেরদৌসী আহমেদ
৫২ বছর বয়সী ফেরদৌসী আহমেদ স্নাতক পাস। আসামির তালিকায় নাম রয়েছে ৭টি মামলায়। বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৯১ হাজার, আর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৮১ লাখ টাকার।
বীথিকা বিনতে হোসাইন
৪৬ বছর বয়সী বীথিকা বিনতে হোসাইন এমএ করেছেন। বার্ষিক আয় ৩৮ লাখ টাকা, সম্পদ রয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।
মোছা. সুরাইয়া জেরিন
৪১ বছর বয়সী মোছা. সুরাইয়া জেরিন বিএ পাস। ছয়টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন আড়াই লাখ টাকা।
মানসুরা আক্তার
৩২ বছর বয়সী মানসুরা আক্তার স্নাতক করেছেন। একটি মামলা ছিল, মামলা তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন (এফআরটি) অবস্থায় রয়েছে।
আয়কর রিটার্নে কোনো আয় দেখানো হয়নি। সম্পদের পরিমাণ লেখা রয়েছে ৩ লাখ টাকা।
জহরত আদিব চৌধুরী
৪৩ বছর বয়সী জহরত আদিব চৌধুরী বার এট ল’ করেছেন। বাংলালিংকের ডিপুটি সিইও ছিলেন। বার্ষিক আয় ৩ কোটি ১৭ লাখ টাকা। এরমধ্যে চাকরি থেকে গেল বছর ডিসেম্বরে পদত্যাগ করেন। তার সম্পদ রয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকার।

পাওয়ার আলোচনায় থাকলেও অনেকেই শেষমেশ বাদ পড়েন।
মমতাজ আলো
৫২ বছর বয়সী মমতাজ আলো স্বশিক্ষিত। ৫ লাখ ৮৬ হাজার টাকা আয় আর সম্পদ রয়েছে ৭২ লাখ টাকার।
ফাহিমা নাসরিন
৬৩ বছর বয়সী ফাহিমা নাসরিন এমএ পাস। দুটি মামলার একটি স্থগিত ও অন্যটি থেকে অব্যাহতি। বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা আর সম্পদ ২ কোটি ৮৩ লাখ টাকা।
আরিফা সুলতানা
৪৭ বছর বয়সী আরিফা সুলতানা এলএলএম করেছেন। মামলা ছিল ছয়টি, অব্যাহতি পেয়েছেন। আয় ৫ লাখ ৬৬ হাজার টাকা; সম্পদ দেখিয়েছেন ৪৬ লাখ ৭০ হাজার টাকার।
মোছা. সানজিদা ইয়াসমিন
৩৭ বছর বয়সী মোছা. সানজিদা ইয়াসমিন স্নাতকোত্তর পর্যন্ত লেখাপড়া করেছেন। তার বিরুদ্ধে থাকা একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েছে। ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৩৭ লাখ টাকার।
নাদিয়া পাঠান পাপন
৪২ বছর বয়সী নাদিয়া পাঠান পাপন অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। তিনটি মামলা নিষ্পত্তি হয়ে গেছে। ৫ লাখ ১৩ হাজার টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার বেশি।
শওকত আরা আক্তার
৪৯ বছর বয়সী শওকত আরা আক্তার করেছেন এলএলএম। প্রায় ১০ লাখ টাকা আয় করেন আর সম্পদ রয়েছে ২ কোটি টাকার।
মাধবী মার্মা
৪৯ বছর বয়সী মাধবী মার্মার প্রাতিষ্ঠানিক শিক্ষা এলএলএম পর্যন্ত। আয় ৩ লাখ টাকার বেশি, সম্পদ দেখিয়েছেন ২১ লাখ টাকার।
সেলিনা সুলতানা
৪৭ বছর বয়সী সেলিনা সুলতানা এলএলবি করেছেন। একটি মামলায় খালাস পেয়েছেন। ৮৩ হাজার টাকা বার্ষিক আয় দেখিয়েছেন; সম্পদ দেখিয়েছেন সাড়ে ২২ লাখ টাকার।
রেজেকা সুলতানা
৪৮ বছর বয়সী রেজেকা সুলতানা করেছেন এলএলবি। ৮ লাখ ৮২ হাজার টাকা আয় বছরে, আর সম্পদ ৯৭ লাখ টাকার।

জামায়াতের জোটের সবচেয়ে প্রবীণ নূরুন্নিসা
এই জোট থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স নূরুন্নিসা সিদ্দীকার। ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ শিক্ষিকার বার্ষিক আয় ১ লাখ ৬১ হাজার টাকা। সম্পদ দেখিয়েছেন প্রায় ৩০ লাখ টাকা।
এই জোট থেকে মনোনয়ন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন—
মারজিয়া বেগম
৬৮ বছর বয়সী মারজিয়া বেগমের লেখাপড়া এইচএসসি পর্যন্ত। বার্ষিক আয় ২ লাখ ৬৪ হাজার টাকা। সম্পদ দেখিয়েছেন ৮৮ লাখ টাকার।
সাবিকুন্নাহার
৫৩ বছর বয়সী সাবিকুন্নাহার লেখাপড়া করেছেন স্নাতকোত্তর পর্যন্ত। বার্ষিক আয় দেখিয়েছেন ১৬ লাখ টাকা; আর সম্পদের পরিমাণ লিখেছেন ১ কোটি ৩৮ লাখ টাকার।
মোসা. নাজমুন নাহার
৫৫ বছর বয়সী মোসা. নাজমুন নাহার লেখাপড়া করেছেন স্নাতকোত্তর পর্যন্ত। তিনি বার্ষিক কোনো আয় দেখাননি। সম্পদ রয়েছে প্রায় পৌনে ২৩ লাখ টাকার।
মাহফুজা হান্নান
৬৬ বছর বয়সী মাহফুজা হান্নানের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা; আর সম্পদ দেখিয়েছেন প্রায় ৩৯ লাখ টাকার।
সাজেদা সামাদ
৬২ বছর বয়সী সাজেদা সামাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত। একটি মামলা ছিল, গেল বছর নির্বাহী আদেশে প্রত্যাহার হয়ে গেছে। আড়াই লাখ টাকা আয় বছরে, সম্পদ ১২ লাখ ৬৩ হাজার টাকার।
শামছুন্নাহার বেগম
শামছুন্নাহার বেগম বিএসসি পাস; পরে বিএড করেছেন। বছরে আয় ১ লাখ ৭১ হাজার টাকা আর সম্পদ ৯ লাখ ৬০ হাজার টাকা।
মারদিয়া মমতাজ
৪১ বছর বয়সী মারদিয়া মমতাজ সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর করেছেন। শিক্ষকতা পেশা থেকে বছরে আয় ৪ লাখ ৪৪ হাজার টাকা; সম্পদ রয়েছে ২১ লাখ টাকার।
রোকেয়া বেগম
৪৮ বছর বয়সী রোকেয়া বেগমের প্রাতিষ্ঠানিক শিক্ষা স্নাতকোত্তর পর্যন্ত। নিজের আয় নেই। সম্পদ হিসেবে লাখ টাকার স্বর্ণালঙ্কারের তথ্য দিয়েছেন তিনি।
মাহমুদা আলম মিতু
৩৭ বছর বয়সী মাহমুদা আলম মিতু এমবিসিএস করেছেন। ৩ লাখ টাকা বার্ষিক আয়; সম্পদ রয়েছে ২৮ লাখ টাকার।
তাসমিয়া প্রধান
৪৫ বছর বয়সী তাসমিয়া প্রধান বার এট ল’ করেছেন। প্রায় ৮ লাখ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন; সম্পদ দেখিয়েছেন ৬৭ লাখ টাকার।
এদের বাইরে মাহবুবা হাকিমের হলফনামা ‘অস্পষ্টতা থাকায়’ পরে প্রকাশ করার কথা বলেছে ইসি। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে।
স্বতন্ত্র জোট
এই জোট থেকে মনোনয়ন পাওয়া সুলতানা জেসমিনের বয়স ৩৪ বছর। লেখাপড়া স্নাতক পর্যন্ত। মামলা ছিল পাঁচটি, প্রত্যাহার হয়ে গেছে গত বছর।
সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ সাড়ে ২৮ লাখ টাকার।
আরো পড়ুন-
সংরক্ষিত নারী আসন: সংসদে যাচ্ছেন কারা, তালিকা জানাল বিএনপি
সংসদের সংরক্ষিত আসনে কারা যাচ্ছেন, জানাল জামায়াত-জোট