১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের পক্ষে এমপিদের ভোট চাইলেন সংসদ নেতা

নির্বাচনের কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 08:41 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের সংসদ সদস্যদের ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিএনপির এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মির্জা ফখরুলের পক্ষে দলের সংসদ সদস্যদের ভোট দিতে বলেন।

এর আগে তারেক রহমানের সভাপতিত্বে বিকাল ৪টায় সংসদীয় দলের এ সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।

“আমরা আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যদের কাছ থেকে তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আগামীকাল সবাই আমরা দেড়টার (দুপুর) মধ্যে এখানে উপস্থিত হব ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এ নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে তথ্য দিয়ে নুরুল ইসলাম মনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদের সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী ভোট শুরু হওয়ার পাঁচ মিনিট আগে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থীদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে। 

এরপর ভোটের কার্যক্রম রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। ফল ঘোষণার অংশও সরাসরি দেখানো হবে বলে জানান চিফ হুইপ।

ভোটের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের ভোটের ফরম দেওয়া হবে। তারা তাতে স্বাক্ষর করে নির্ধারিত স্থানে জমা দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘গণতন্ত্রের নতুন যাত্রা’ হিসেবে বর্ণনা করে নূরুল ইসলাম মনি বলেন, “আপনারা দেখবেন সেখানে আগামীকালকে একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। ইতিহাসে একটা নতুন যাত্রা শুরু হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৭ বছর আন্দোলন ও সংগ্রাম করেছে মন্তব্য করে চিফ হুইপ বলেন, “সংগ্রাম করার পরে যে কাজটা হয়েছে তা হলো এই যে আমরা নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।”

চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সরকার ও বিরোধী দলকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়া এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

দুই প্রার্থীর মধ্যে ভোট হওয়ার বিষয়টি তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, এর মাধ্যমে দেশের মানুষ আবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া প্রত্যক্ষ করবে।

সংসদ সদস্যদের ভোটের বিষয়ে তিনি বলেন, “আমরা যারা সংসদ সদস্য হয়েছি তারা যথেষ্ট সেন্সিবল এবং মানুষের ভোট নিয়েই আমরা এখানে এসেছি। কাজেই প্রত্যেকেই জানে এই বিষয়টা।”

সংসদের ভেতরে এ নির্বাচন নিয়ে প্রচার চালানোর সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দলগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবে।

“আমরা আলোচনা করেছি, আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। অন্যদের দলীয় সিদ্ধান্ত। আমরা ওখানে বসে ভোট দেব, কোনো কিছু অসুবিধা নাই।”

রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। অন্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরাও ভোটার।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী এ ভোট হচ্ছে।

সংসদীয় শাসনব্যবস্থা ফেরার পর দুই প্রার্থী থাকায় সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এরপর সাতটি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।